গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের জেরে লক্ষাধিক টাকার ক্ষতি বাদাম চাষীদের - The News Lion

গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের জেরে লক্ষাধিক টাকার ক্ষতি বাদাম চাষীদের


দি নিউজ লায়ন;  গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাদাম চাষে। কাঁকসার সিলামপুর,গাংবিল সহ আশেপাশের এলাকার যে সমস্ত চাষিরা দামোদর নদের চরে বাদাম চাষ করেছিলেন তা এখন দামোদর নদের জলের তলায়। গত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে দামোদর নদে জল ছাড়া হয়। দামোদর নদের জলে জলমগ্ন কাঁকসার সিলামপুর,আইমা, গাংবিল সহ আশেপাশের এলাকার দামোদর নদের চড়ের বাদাম চাষের ক্ষেত।


 কৃষকেরা জানিয়েছেন কয়েকশো কৃষক আলু চাষ করেছিলেন। কিন্তু আলু চাষে তেমন লাভ না হওয়ার ফলে ঋণ নিয়ে কয়েকশো কৃষক বাদাম চাষ করেছিলেন। এরপর প্রাকৃতিক দুর্যোগ ও দামোদরের জলে জলমগ্ন হয়ে নষ্ট হয়ে যায় প্রায় একহাজার বিঘা বাদাম গাছ। ফলে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে চাষীরা। শেখ ইমতিয়াজ নামের এক চাষী জানিয়েছেন তিনি ঋণ নিয়ে চার বিঘা জমি বাদাম চাষ করেছিলেন কিন্তু দামোদর নদের জলে  সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ফলে ঋণ কিভাবে তিনি মেটাবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।


খাদেম মোহর আলী খান জানিয়েছেন ৩০ থেকে ৪০ জন মানুষের জমির পাট্টা রয়েছে। বাকি সকলেরই জমির কোনো পাট্টা নেই। সরকার যদি চাষীদের পাশে দাঁড়ায় তবে উপকৃত হবে বহু চাষী। তিনি জানিয়েছেন যে পরিমাণে বাদাম গাছ নষ্ট হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.